💍 ভাড়াটে স্বামী.সোশ্যাল

প্রশ্নোত্তর

যা জানতে চান, সম্ভবত এখানেই আছে।

বুকিং কীভাবে নিশ্চিত হয়?+

স্বামী, গন্তব্য ও তারিখ বেছে মোট ভাড়ার ৫০% অগ্রিম বিকাশ, নগদ বা কার্ডে পরিশোধ করুন। আমাদের টিম ট্রানজেকশন আইডি মিলিয়ে সাধারণত ৩০ মিনিটের মধ্যে বুকিং নিশ্চিত করে এসএমএস পাঠায়।

বাকি ৫০% কখন দিতে হবে?+

ভ্রমণের দিন এয়ারপোর্টে স্বামী হস্তান্তরের সময়। নগদ, বিকাশ বা নগদ অ্যাপ — যেকোনো মাধ্যমে দেওয়া যাবে। রসিদ সাথে সাথে ইমেইলে চলে যাবে।

বুকিং বাতিল করলে টাকা ফেরত পাব?+

ভ্রমণের ৭২ ঘণ্টা আগে বাতিল করলে অগ্রিমের পুরোটা, ২৪–৭২ ঘণ্টার মধ্যে ৫০% ফেরত দেওয়া হয়। ২৪ ঘণ্টার কম সময়ে বাতিল করলে অগ্রিম ফেরতযোগ্য নয়, কারণ স্বামী ততক্ষণে পাঞ্জাবি ইস্ত্রি করে ফেলেছেন।

স্বামী কতক্ষণ সাথে থাকবেন?+

চেক-ইন কাউন্টার থেকে ইমিগ্রেশন ডেস্ক পার হওয়া পর্যন্ত — গড়ে ২–৩ ঘণ্টা। এরপর তিনি নিজ খরচে বাড়ি ফিরে যান। অতিরিক্ত সময়ের জন্য ঘণ্টাপ্রতি চার্জ প্রযোজ্য।

সাবস্ক্রিপশন কখন চালু হয়?+

পেমেন্টের ট্রানজেকশন আইডি যাচাই হওয়ার পরপরই। যাচাই চলাকালীন অবস্থা "আমার অ্যাকাউন্ট" পেজে দেখা যাবে। প্ল্যান চালু হলে প্রতিটি বুকিংয়ে স্বয়ংক্রিয়ভাবে ছাড় যুক্ত হয়।

স্বামীরা কি যাচাইকৃত?+

প্রত্যেক তালিকাভুক্ত স্বামীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও "অফিসারের দিকে আত্মবিশ্বাসী হাসি" পরীক্ষা সম্পন্ন। ৪.৫-এর নিচে রেটিং পেলে তালিকা থেকে সাময়িকভাবে সরানো হয়।

কোন কাগজপত্র সাথে রাখব?+

বৈধ পাসপোর্ট, ভিসা (প্রয়োজনে), ফিরতি টিকিট, হোটেল বুকিং ও ব্যাংক স্টেটমেন্ট। সত্যি বলতে, এগুলোই যথেষ্ট — বাংলাদেশের আইনে প্রাপ্তবয়স্ক নারীর একা ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।

ইমিগ্রেশনে অযথা আটকালে কী করব?+

শান্ত থাকুন, অফিসারের নাম ও পদবি জেনে নিন এবং আটকানোর লিখিত কারণ চাইতে পারেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করা যায়।

পেমেন্ট নিরাপদ তো?+

আমরা কার্ডের পূর্ণ নম্বর সংরক্ষণ করি না, শুধু শেষ ৪ সংখ্যা। বিকাশ/নগদ পেমেন্টে কেবল আপনার নম্বর ও ট্রানজেকশন আইডি রাখা হয়।

স্বামী হিসেবে যোগ দিতে চাই — কী লাগবে?+

বয়স ১৮+, পরিষ্কার পাঞ্জাবি, আর এয়ারপোর্টে ৩ ঘণ্টা চুপচাপ দাঁড়িয়ে থাকার ধৈর্য। হোম পেজের "যোগ দিন" ফর্মে আবেদন করুন — যাচাইয়ের পর যোগাযোগ করা হবে।

গ্রাহক সেবায় যোগাযোগ করব কীভাবে?+

সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত support@vharatiashami.social ঠিকানায় ইমেইল করুন। বুকিং নম্বর উল্লেখ করলে দ্রুত সমাধান পাবেন।

স্বামী কি আমার ব্যাগ বহন করবেন?+

হ্যাঁ, ২৩ কেজি পর্যন্ত। এর বেশি হলে প্রতি কেজিতে একটা দীর্ঘশ্বাস ফ্রি।

অফিসার যদি জিজ্ঞেস করে "বিয়ে কবে হয়েছে?"+

স্বামী আত্মবিশ্বাসের সাথে একটা তারিখ বলবেন। প্রতিবার আলাদা তারিখ — এটাই আমাদের প্রিমিয়াম ফিচার।

আম্মু ফোন দিলে কী হবে?+

প্রিমিয়াম প্যাকেজে স্বামী নিজেই ফোন ধরে বলবেন "আন্টি, চিন্তা করবেন না, ও ভাত খেয়েছে।"

স্বামী কি সেলফিতে আসবেন?+

শুধু পেছন থেকে, ঝাপসা অবস্থায়। ফেসবুকে "With my better half" লেখার জন্য যথেষ্ট।

স্বামী যদি প্রেমে পড়ে যান?+

চুক্তির ৭ নম্বর ধারা অনুযায়ী ইমিগ্রেশন পার হওয়ার পর প্রেমে পড়া নিষেধ। লঙ্ঘন করলে রেটিং থেকে ১ তারা কাটা যাবে।

দুইজন স্বামী একসাথে নেওয়া যায়?+

যায়, তবে অফিসার তখন আরও বেশি প্রশ্ন করবে। আমরা পরামর্শ দিই না।

ফ্লাইট দেরি হলে স্বামীর কী হবে?+

তিনি বিনা অভিযোগে অপেক্ষা করবেন, কারণ এটাই তাঁর জীবনে প্রথম কাজ যেখানে তাঁকে কেউ বকছে না।

আরও প্রশ্ন আছে?

অ্যাকাউন্ট খুলে আমাদের সাথে থাকুন।

সাইন আপ